মুক্তমন রিপোর্ট : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে বড় ব্যবধানে হারের প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে। আইসিসির হালনাগাদ টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার—তিন বিভাগেই পিছিয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। তবে বোলারদের তালিকায় উন্নতি করেছেন নাঈম হাসান ও শরিফুল ইসলাম।
বুধবার (৪ নভেম্বর) পুরুষ ক্রিকেটের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা কার্যকর বোলিং করলেও বাংলাদেশের স্পিনাররা প্রত্যাশিত সাফল্য পাননি। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন। তবে দ্বিতীয় ইনিংসে দুজনের কেউই উইকেট পাননি।
এর প্রভাব পড়েছে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে। তিন ধাপ পিছিয়ে ২১তম স্থানে নেমেছেন তাইজুল ইসলাম। মিরাজ দুই ধাপ পিছিয়ে রয়েছেন ২৪তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে তাঁরাই তালিকায় এগিয়ে আছেন।
অন্যদিকে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া নাঈম হাসান চার ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠেছেন। দুই ইনিংসে একটি করে উইকেট নেওয়া শরিফুল ইসলাম এগিয়েছেন তিন ধাপ, তাঁর অবস্থান এখন ৫৪তম। ৩৮তম স্থানে থাকা হাসান মাহমুদের অবস্থানের পরিবর্তন হয়নি।
টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। মিরপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে তিনি করেন ২৪ রান।
ব্যাটারদের র্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। ছয় ধাপ পিছিয়ে ২৬তম স্থানে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাস চার ধাপ পিছিয়ে ৩৩তম এবং মুমিনুল হক এক ধাপ পিছিয়ে ৩৭তম স্থানে রয়েছেন। আট ধাপ অবনতি হয়ে মিরাজের অবস্থান এখন ৭০তম।
তবে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে সাদমান ইসলামের। মিরপুর টেস্টে সেঞ্চুরি করা এই ব্যাটার চার ধাপ এগিয়ে ৬৩তম স্থানে উঠেছেন।
এদিকে টেস্ট বোলারদের সামগ্রিক র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে তিনি এক ধাপ এগিয়েছেন। এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমেছেন মার্কো জানসেন। তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।
টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। এক ধাপ এগিয়ে দ্বিতীয় হয়েছেন জো রুট। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডও এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা দুই ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।