অরুন কুমার সরকার : বাগেরহাটের চিতলমারী উপজেলায় একটি মৎস্য ঘের থেকে অনিক দাস (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি এলাকার মিজানুর রহমানের মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অনিক দাস যশোরের মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের ক্ষিদির দাসের ছেলে। তাঁর বাবা পেশায় পরিচ্ছন্নতাকর্মী। কাজের সুবাদে তিনি চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের নালুয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে অনিক বাড়ি থেকে বের হয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে থামানোর চেষ্টা করলেও সে দৌড়ে বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি এলাকার সবজি ও মাছের ঘেরের দিকে চলে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
একপর্যায়ে বিকেলে মৎস্য ঘেরে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, শিশুটি বিশেষ চাহিদাসম্পন্ন ছিল। সে ঋষি সম্প্রদায়ের সদস্য।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাগেরহাট প্রতিনিধি
Muktomon/TA