পোশাকশিল্পে সহিংসতার পেছনে রাজনৈতিক মহল জড়িত : স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মুক্তমন রিপোর্ট : পোশাকশিল্পে চলমান সহিংসতা সাধারণ শ্রমিক আন্দোলন নয়, বরং শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত অপচেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, এসব ঘটনার পেছনে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল ও বহিরাগত ব্যক্তিদের ভূমিকা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬-এর খসড়া পর্যালোচনাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের কোনো অমীমাংসিত দাবিদাওয়া নেই। এরপরও একটি মহল পরিকল্পিতভাবে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, শ্রমিক আন্দোলনের নামে কিছু বহিরাগত ও অশ্রমিক ব্যক্তি হামলা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত।

এসব ঘটনার তদন্তে অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে দায়িত্বে থাকা কয়েকজন গার্মেন্টস মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর রাজনৈতিক ভূমিকার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত চক্রান্তের অভিযোগ তুলে মন্ত্রী বলেন, সরকার এ ধরনের সহিংসতা কঠোরভাবে দমনের নির্দেশনা দিয়েছে।

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের অন্যতম দাবি ছিল প্রতি তিন বছর পরপর নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন। সরকার এ বিষয়ে আগেই উদ্যোগ নিয়েছিল। শ্রমিক পক্ষের প্রতিনিধির নাম দিতে কিছুটা সময় লাগায় বোর্ড গঠনে বিলম্ব হলেও নাম পাওয়ার পরপরই বোর্ড গঠন করা হয়েছে। এর প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, সিনিয়র জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত বোর্ডে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রতিনিধি রয়েছেন। মূল্যস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্য নিয়ে বোর্ড কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সরকারের লক্ষ্য রপ্তানি বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

তিনি আরও বলেন, সম্প্রতি গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সরকারের বৈঠক হয়েছে। তাঁর দাবি, উভয় পক্ষই ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে সাধারণ শ্রমিকদের আন্দোলন বলে মনে করেন না। রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁরা সংযম দেখিয়েছেন। তবে অপরাধী চক্রের বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

সাধারণ শ্রমিকদের গুজব ও উসকানিতে কান না দিয়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকরা কর্মস্থলে ফিরলে উৎপাদন সচল থাকবে। এতে তাঁদের কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি সুরক্ষিত থাকবে।

সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আটক হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।

প্রেস ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Muktomon/TA