মুক্তমন রিপোর্ট : দেশে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, গত ৩১ আগস্ট কমিশনের প্রকাশিত ভোটার সংখ্যার তুলনায় সর্বশেষ হিসাবে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এই হালনাগাদ ভোটার তালিকা দিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে।
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের সময়সূচিও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি। এতে অংশ নিতে মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানান আখতার আহমেদ।
Muktomon/TA