মুক্তমন রিপোর্ট : নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নারী নির্যাতনের অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ, মামলা তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন এবং ভুক্তভোগীদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাসহ সাত দফা দাবি জানানো হয়।
জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপির সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমী।
এতে বক্তব্য দেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি এমপি, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আকলিমা ফেরদৌসী আখি ও নুরুন্নাহার পলি এবং ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাহমিনা আক্তার সুরমা।
সভাপতির বক্তব্যে নুরুন্নিসা সিদ্দীকা বলেন, নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বিচারকের সংখ্যা কম থাকায় বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত বিচারক নিয়োগের দাবি জানান।
সাঈদা রুম্মান বলেন, নিরাপত্তাহীনতার কারণে নির্যাতনের শিকার অনেক নারী আইনের আশ্রয় নিতে চান না। তাই বিচারপ্রার্থীদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। অন্যদিকে সাবিকুন্নাহার মুন্নি বলেন, নারীর নিরাপত্তা মৌলিক অধিকার হলেও সমাজে অনেক সময় এটিকে অনুগ্রহ হিসেবে দেখা হয়।
মানববন্ধনে উত্থাপিত সাত দফা দাবি হলো—
1. নারী ও শিশু নির্যাতনের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। অভিযোগ নিতে অবহেলা, ভুক্তভোগীকে হয়রানি এবং আপসের নামে চাপ প্রয়োগ বন্ধ করতে হবে।
2. নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের মামলার তদন্ত এবং বিচার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর করতে হবে। অপরাধীদের রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক প্রভাবের বাইরে রেখে আইনের আওতায় আনতে হবে।
3. শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট, গণপরিবহন, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
4. নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য সহজলভ্য আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
5. অনলাইন জগতে নারীর বিরুদ্ধে অপমান, হুমকি, অশ্লীলতা, হয়রানি, ছবি বা ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল এবং সাইবার সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
6. নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করতে হবে।
7. নির্যাতনের শিকার কিংবা ঝুঁকিতে থাকা নারীদের সহায়তায় স্থানীয় পর্যায়ে কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, যাতে সাহায্য চাইলে কেউ একা বা অসহায় বোধ না করেন।
Muktomon/TA