অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ঠেকাতে নতুন উদ্যোগ সরকারের

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ঔষধ প্রশাসন অধিদপ্তর পুনর্গঠনের কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ঔষধ প্রশাসন অধিদপ্তর পুনর্গঠনের কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

মুক্তমন রিপোর্ট : চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিয়ন্ত্রণ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় ঔষধ প্রশাসন অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, এ লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় অধিদপ্তরের জনবল বৃদ্ধি ও সাংগঠনিক কাঠামো সম্প্রসারণের কাজ চলছে। এর মাধ্যমে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) আয়োজিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সার্ভেইল্যান্স: ফলাফল প্রকাশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে মারা যান। এটি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এ সংকট মোকাবিলায় মেডিকেল, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে সংক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, দেশের প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালের নকশা ও অবকাঠামো তৈরিতে বর্জ্য ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

পাশাপাশি ইলেকট্রনিক হেলথ রেকর্ড ও ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থা চালু হলে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপত্র নিরীক্ষা এবং চিকিৎসকদের জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে বলে জানান তিনি।

মানুষের পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ ও পরিবেশের সুরক্ষায় ‘ওয়ান হেলথ’ বা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, খামার পর্যায়ে চিকিৎসকের পরামর্শ ছাড়াই পশুপাখিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে।

হাসপাতালে সংক্রমণ প্রতিরোধে জ্যেষ্ঠ চিকিৎসক ও বিভাগীয় প্রধানদের অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। আইইডিসিআরের এএমআর নজরদারি কার্যক্রমকে সাময়িক প্রকল্পের পরিবর্তে স্বাস্থ্য ব্যবস্থার স্থায়ী কাঠামো হিসেবে প্রতিষ্ঠার ঘোষণাও দেন।

এ সময় সাধারণ ফ্লু বা ভাইরাসজনিত জ্বরে অ্যান্টিবায়োটিক সেবন না করার বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহিদ রায়হান ও অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম পামী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. অ্যান্থনি এসোফোনি এবং আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Muktomon/TA