নতুন মার্কিন শুল্কের তালিকায় বাংলাদেশ, আজ ঘোষণা আসতে পারে

বাংলাদেশসহ ১৫ দেশ ও ইউরোপীয় ইউনিয়নের পণ্যে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা নিয়ে ট্রাম্পের ঘোষণা।
বাংলাদেশসহ ১৫ দেশ ও ইউরোপীয় ইউনিয়নের পণ্যে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা নিয়ে ট্রাম্পের ঘোষণা।

মুক্তমন রিপোর্ট : অতিরিক্ত পণ্য উৎপাদন করে যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহ বাড়ানোর অভিযোগে বাংলাদেশসহ ১৫টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে তদন্ত করছে মার্কিন প্রশাসন। তদন্ত শেষে বুধবার (২৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন।

মার্কিন প্রশাসনের অভিযোগ, কয়েকটি দেশ চাহিদার তুলনায় অতিরিক্ত পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়াচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের নিজস্ব উৎপাদন ও পণ্য বাজারজাতকরণ হুমকির মুখে পড়ছে।

২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। পরে সংশ্লিষ্ট দেশগুলো মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করে শুল্কের হার কমায়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই শুল্ক বাতিল করে। এরপর শুল্ক পুনরায় আরোপের পথ খুঁজতে ‘সেকশন ৩০১’-এর আওতায় সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেন মার্কিন কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার ফলে বিশ্ববাণিজ্যে আবারও উত্তেজনা তৈরি হতে পারে। এর প্রভাব বিভিন্ন দেশের অর্থনীতিতে পড়ার আশঙ্কা রয়েছে।

এর আগে শুল্ক আরোপের পক্ষে যুক্তি দিতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশ মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে রেখেছে। এর জবাব হিসেবেই তিনি পাল্টা শুল্ক আরোপ করেছিলেন।

রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে যেসব দেশ শুল্ক নিয়ে চুক্তি করেছিল, নতুন শুল্ক নির্ধারণের ক্ষেত্রে সেসব চুক্তির বিষয় বিবেচনায় নেওয়া হতে পারে।

বাংলাদেশ চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি’ করে। এরপর বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্কের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়।

যেসব দেশ ও অঞ্চলের ওপর নতুন শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে—

চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র : রয়টার্স ও বিবিসি

Muktomon/TA