মুক্তমন রিপোর্ট : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার সম্ভাবনা এবং ঢাকার পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধকে পৃথক বিষয় হিসেবে দেখছে ভারত। বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
তিনি বলেন, ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। ঢাকার পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ভারতের মুখপাত্র এ মন্তব্য করেন। ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থানের পর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা।
মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি চেয়ে তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হয়েছে।
এ ছাড়া রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে দেশে ফেরার ব্যবস্থা করতেও বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ওই দিন দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
দেশে ফিরলে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আলোচনা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার জানিয়েছে, তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে আগ্রহ প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঢাকা দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আসছে। বিষয়টি দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে উঠেছে।
সূত্র : রয়টার্স
Muktomon/TA