নড়াইলে শিশুশিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

শিশুশিক্ষার্থী নিপীড়নের অভিযোগে নড়াইলে গ্রেপ্তার শিক্ষক
শিশুশিক্ষার্থী নিপীড়নের অভিযোগে নড়াইলে গ্রেপ্তার শিক্ষক

মুক্তমন রিপোর্টার : নড়াইল পৌরসভার একটি মাদরাসার ছয় শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাহাবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকার একটি স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু।

গ্রেপ্তার মাহাবুবুর রহমান সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাতে মাদরাসাটির এক শিশুশিক্ষার্থীকে ওই শিক্ষক যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ ওঠে। পরদিন শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

পুলিশ জানায়, পরবর্তীতে আরও পাঁচ শিশুশিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করে। বিষয়টি জানাজানি হওয়ার পর মাহাবুবুর রহমান মাদরাসা থেকে পালিয়ে যান।

এরপর ৫ সেপ্টেম্বর ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে মাহাবুবুর রহমানকে গ্রেপ্তার করে।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মামলার পর অভিযুক্ত শিক্ষককে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।