মুক্তমন রিপোর্টার : কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ও ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার সব থানায় একযোগে এসব অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনা এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় মোট ৪৫টি অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের, মোবাইল কোর্ট পরিচালনা এবং বিচারিক আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।