ত্রিদেশীয় সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ

 ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের শিরোপা জয়ের লক্ষ্য
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের শিরোপা জয়ের লক্ষ্য

মুক্তমন রিপোর্ট : ত্রিদেশীয় সিরিজে শিরোপা জয়ের পাশাপাশি আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি সেরে নিতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। আবুধাবিতে শনিবার (১৭ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। টুর্নামেন্টের অপর দল আফগানিস্তান।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শিরোপা জয়ের স্মৃতি খুব বেশি সমৃদ্ধ নয়। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছিল টাইগাররা। এখন পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়ে একবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

এবার আরেকটি শিরোপা জয়ের সুযোগ দেখছেন অধিনায়ক লিটন দাস। তাঁর মতে, দল নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। দলে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, সিনিয়র খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো অর্জন সম্ভব।

লিটন বলেন, ‘আপনি যদি দেখেন, এই দল অনেক ভালো ভালো সিরিজ খেলেছে। বিশেষ করে ঘরের মাঠে। আমার কাছে মনে হয়, এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আর আমরা যারা সিনিয়র আছি, তারা যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে সবকিছু সম্ভব।’

সামনেই এশিয়া কাপ। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠেয় এই মহাদেশীয় টুর্নামেন্টের আগে ত্রিদেশীয় সিরিজকে নিজেদের প্রস্তুত করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন লিটন। তাঁর বিশ্বাস, এখানে ভালো খেলতে পারলে এশিয়া কাপের আগে দলের আত্মবিশ্বাস বাড়বে।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই এখানে বড় সুযোগ। আমার জন্য অধিনায়ক হিসেবে বড় সুযোগ। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে। এশিয়া কাপ বাংলাদেশে হবে। এটাই আমাদের জন্য ভালো প্রস্তুতি হবে। এশিয়া কাপে পাঁচ-ছয়টি দল খেলে, এখানে তিনটি দল। কাছাকাছি ব্যাপারই। যদি ভালো ক্রিকেট খেলি, তাহলে কেন নয় (চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ)?’

তবে ত্রিদেশীয় সিরিজে বাড়তি চাপের বিষয়টিও তুলে ধরেছেন লিটন। তাঁর মতে, প্রতিটি দলের লক্ষ্য থাকে ফাইনালে ওঠা। কোনো ম্যাচে হেরে গেলে রানরেটের হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

লিটন বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেললে একটা বাড়তি চাপ থাকে। তিনটা দলের জন্য একই রকম চাপ থাকবে যে ফাইনালে উঠতে হবে। আপনি যখন সিরিজ খেলেন, তখন তেমন একটা চাপ আসে না। কারণ, আপনি জানেন প্রথম ম্যাচ হেরে গেলেও একটা সুযোগ থাকে। কিন্তু এখানে হেরে গেলে রানরেটের বিষয় চলে আসে।’

জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশের। পাশাপাশি এশিয়া কাপের আগে দলের সমন্বয়, পারফরম্যান্স ও আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার দিকেও নজর থাকবে লিটনদের।

Muktomon/TA