তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে যুবদল : রিজভী

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী।

মুক্তমন রিপোর্ট : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষাভিত্তিক রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু হয়। দীর্ঘ পথপরিক্রমায় যুবদল দেশের অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

যুবদলের অতীত আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, রাজনৈতিক কারণে সংগঠনটির নেতাকর্মীদের দমন-পীড়ন ও কারাবরণের শিকার হতে হয়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তাঁরা গণতান্ত্রিক আন্দোলন ও নিজেদের দায়িত্ব থেকে পিছিয়ে যাননি বলে দাবি করেন তিনি।

রিজভী আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের বহু নেতাকর্মী জীবন দিয়েছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি বিএনপির শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।

যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে ভূমিকা রেখেছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র : ঢাকা পোস্ট

Muktomon/TA