বীরগঞ্জে ডাক্তারখানা মাঠের জমি উদ্ধার, উচ্ছেদ ৮৪ দোকান

বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান
বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান

রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠের প্রায় ১ একর ৪৪ শতক সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন ও জেলা পরিষদ। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রায় ছয় ঘণ্টাব্যাপী উচ্ছেদ অভিযানে ফলের দোকান, খাবারের হোটেলসহ ৮৪টি দোকান ও বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়।

উচ্ছেদ করা স্থাপনার মধ্যে পাগলু শ্রমিক অফিস ও মাইক্রোবাস স্ট্যান্ডও রয়েছে। অভিযান শেষে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর মোর্শেদ সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানান, উদ্ধার করা সম্পত্তির মালিক জেলা পরিষদ। স্থানীয়ভাবে জায়গাটি ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠ নামে পরিচিত।

মঞ্জুর মোর্শেদ আরও জানান, মহাসড়কের কাহারোল মোড় থেকে ফিসারী মোড় পর্যন্ত ফুটপাতের দোকান উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধারের পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দোকানিদের আগেই তাঁদের দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মূল্যবান এই জমি বেদখলে ছিল। বিভিন্ন ব্যক্তি সেখানে বেআইনিভাবে জমি ভোগদখল করে দোকানপাট ও অন্যান্য স্থাপনা গড়ে তুলেছিলেন।

অভিযানের আগে মাইকিং করা হলে অধিকাংশ দোকানমালিক নিজেরাই মালামাল সরিয়ে নেন এবং দোকানঘর খুলে ফেলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

অভিযানে উপজেলা প্রশাসন, ভূমি অফিস, পৌরসভা, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও সিনিয়র উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বাদশা রনি পুলিশ সদস্যদের নেতৃত্ব দেন।

উদ্ধার করা জমিতে ভবিষ্যতে কী করা হবে—এমন প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর মোর্শেদ বলেন, তিনি কেবল উচ্ছেদ অভিযানে দায়িত্ব পালন করেছেন। জমির মালিক জেলা পরিষদ এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্যের পরামর্শ ও পরিকল্পনা অনুযায়ী সেখানে উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হবে।

দিনাজপুর প্রতিনিধি

Muktomon/TA