মুক্তমন রিপোর্ট : কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের আগে মানবপাচারের শিকার পাঁচজনকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।
র্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ)-এর একটি আভিযানিক দল মধ্যম কচ্ছপিয়া এলাকায় নুরুল কবিরের বসতবাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মানবপাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ওই স্থান থেকে পাঁচজন ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করে র্যাব।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে, আর্থিক লাভের উদ্দেশ্যে সংঘবদ্ধ মানবপাচারকারীরা ওই পাঁচজনকে নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য সেখানে জড়ো করেছিল। তাঁদের জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলেও জানিয়েছে র্যাব।
উদ্ধার হওয়া পাঁচজন এবং জব্দ করা মোবাইল ফোন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
সাদ্দাম হোসেন সাজ্জাদ