মুক্তমন ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নাম ও পরিচিতিসংবলিত কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জহিরুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নাম ও পরিচিতিসংবলিত কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সরবরাহ করা হবে। কার্ডধারীরা ইসলামী ব্যাংকের CellFin অ্যাপ, POS ও QR পেমেন্ট সেবা এবং ATM/CRM নেটওয়ার্কসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সুবিধা ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া সংশ্লিষ্টদের জন্য ফি-ফ্রি সুবিধা, শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা এবং আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সুযোগ থাকবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী Visa, UPIসহ অন্যান্য কার্ড স্কিমের মাধ্যমে সেবা নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান ও মো. মোশাররফ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।