

মুক্তমন রিপোর্ট : ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোটসহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হলে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সোমবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, তাদের প্রশিক্ষণ এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার—এই তিনটি বিষয় এবারের নির্বাচনকে আলাদা মাত্রা দেবে। তিনি জানান, ভোটে বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি ও ড্রোন ব্যবহার করা হবে। পাশাপাশি এনটিএমসি প্রণীত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ চালু থাকবে।
নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি নির্দেশনা দিয়ে বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি নিশ্চিত করতে হবে। যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, সেখানে প্রয়োজন হলে অস্থায়ীভাবে হলেও ঘেরাও দিতে হবে। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স নিরাপদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেওয়ার সময় বাড়তি সতর্কতা রাখতে হবে। পোস্টাল ব্যালট গণনার সময় প্রার্থীদের প্রতিনিধি ও পর্যাপ্ত নিরাপত্তা সদস্য রাখার কথাও বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখতে হবে, যারা ফজর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করবে। কোনো অবস্থাতেই প্রার্থী বা তাদের পক্ষ থেকে অর্থ, সুবিধা বা খাবার গ্রহণ করা যাবে না বলে কঠোর নির্দেশ দেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেন, হাতে সময় কম—তাই সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে টহল জোরদার করতে হবে। দ্রুত সাড়া দেওয়ার মতো করে বাহিনী মোতায়েনের নির্দেশ দেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, বাংলাদেশের নির্বাচনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকবে। দায়িত্বপ্রাপ্ত সবাইকে ঐতিহাসিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
মতবিনিময় সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ওই অঞ্চলের নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। বড় ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।



