

মুক্তমন রিপোর্ট : আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার কারণে দেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
পুলিশ হেডকোয়ার্টার্স-এ বিদায়ী সংবর্ধনা
রাজধানীর পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’-তে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাহারুল আলম। উপস্থিত ছিলেন শেখ মো. সাজ্জাত আলী, এ কে এম শহিদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ধন্যবাদ জ্ঞাপন করেন আওলাদ হোসেন।
নির্বাচন রোল মডেল
উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬’ দেশের নির্বাচনের ইতিহাসে একটি রোল মডেল হয়ে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতার কারণেই এই সাফল্য এসেছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ কেবিনেট বৈঠকেও বাহিনীগুলোর ভূয়সী প্রশংসা করা হয়েছে বলেও তিনি জানান।
পুলিশের অবস্থানের উন্নতি
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিল, সেখান থেকে সম্মিলিত প্রচেষ্টায় বাহিনীটি এখন সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে সদস্যদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা।
নিয়োগে স্বচ্ছতার দাবি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বাহিনীগুলোর সদস্য নিয়োগে কোনো দুর্নীতি হয়নি দাবি করে তিনি বলেন, সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতেই এসব নিয়োগ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তার দপ্তর থেকে কোনো তদবির করা হয়নি।
এর আগে উপদেষ্টা বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিজিবি আয়োজিত বিদায়ী সংবর্ধনায় অংশ নেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ আনসার ও ভিডিপির অনুষ্ঠানেও যোগ দেন।



