বীরগঞ্জে ‘ইউএস প্রকল্প’ নামে চাকরির প্রলোভন, অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ


মুক্তমন রিপোর্ট : বীরগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের বীরগঞ্জে কথিত বিদেশি অর্থায়নের একটি ‘ইউএস প্রকল্প’-এর নামে চাকরির প্রলোভন দেখিয়ে বহু যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতি (BDMMS) নামে একটি প্রতিষ্ঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প চালুর কথা বলে বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দেওয়া হয়। প্রতি প্রার্থীর কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। ইতোমধ্যে কয়েকজন প্রার্থী টাকা জমা দিয়েছেন বলেও জানা গেছে। তবে প্রকল্পটির সরকারি অনুমোদন বা তহবিলের উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের মাসুদ রানা ও তার স্ত্রী টুম্পা অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত। অপরদিকে জেলা সমন্বয়কারী পরিচয়ে নিয়োগ পাওয়া বুলবুল দাবি করেন, টাকা লেনদেনের প্রতিবাদ করায় তাকে হয়রানি করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



