

মুক্তমন রিপোর্ট :
অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের ‘এমওই৩’ কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা, কৌশলগত স্বার্থ এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ লর্ড হ্যানসনকে উষ্ণ অভিনন্দন জানান এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও অংশীদারিত্বমূলক সম্পর্কের প্রশংসা করেন। তিনি প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
২০২৬ সালের জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে নিরাপত্তা সংস্কার, অভিবাসন ব্যবস্থাপনা এবং অপরাধ বিচার ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশ পুলিশের সংস্কার ও আধুনিকায়ন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ পুলিশের পেশাদারিত্বের উদাহরণ তুলে ধরে বাংলাদেশের পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব করতে যুক্তরাজ্যের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ সহযোগিতা কামনা করেন।
এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান তিনি। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বাস্তুচ্যুত মানুষের মানবিক সহায়তায় যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।
এদিকে লর্ড হ্যানসন বাংলাদেশের নিরাপত্তা খাতের সংস্কার উদ্যোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং উল্লিখিত ক্ষেত্রগুলোতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



