জনগুরুত্ব বিবেচনায় প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম


মুক্তমন রিপোর্ট :
জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বরিশালে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া মহাসড়কের রাবনাবাদ নদীর ওপর ৮৮২ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাকেরগঞ্জ উপজেলার গোমা সেতুর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি দায়বদ্ধ ও জনপ্রিয় রাজনৈতিক সরকার হিসেবে জনগুরুত্ব বিবেচনা করেই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে দেশের উন্নয়নকে টেকসই করার লক্ষ্যে সরকার কাজ করছে।
টোলমুক্ত সেতুর বিষয়ে জনগণের দাবির প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী ১৯৯ মিটার পর্যন্ত দৈর্ঘ্যের সেতু টোলমুক্ত থাকে। এর বেশি দৈর্ঘ্যের সেতুর ক্ষেত্রে টোল আরোপ বাধ্যতামূলক। তবে জনগণের কল্যাণ বিবেচনায় টোল নির্ধারণে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
এদিন বিকেলে মন্ত্রী পান্ডব-পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এমপি, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী এমপি, বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান এবং জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রচারে: নোবেল দে, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।



