কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, ১৪ এপ্রিল বিতরণের লক্ষ্য


মুক্তমন রিপোর্ট :
কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণয়ন কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।
বৈঠকে কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি, কৃষি ভর্তুকি ও প্রণোদনা সরাসরি পৌঁছে দেওয়া এবং ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কৃষি সেবা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রস্তাবিত ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষকদের পরিচিতি নিশ্চিত করা, ঋণ সুবিধা সহজ করা এবং বীজ ও সার বিতরণসহ বিভিন্ন সরকারি সহায়তা আরও স্বচ্ছভাবে প্রদান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া কৃষকদের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াসিন; প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু; অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী ১৪ এপ্রিলের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশ দেন।



