সারাদেশ

ফেনীতে লাইসেন্স ও ফিটনেস ছাড়া যানবাহনে জ্বালানি বিক্রি নিষিদ্ধ: জেলা প্রশাসনের কঠোর নির্দেশ

প্রতিনিধি(ফেনী): ফেনী জেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস এবং চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরযানে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না বলে নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার রাতে মনিরা হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য বলা হয়েছে।

প্রশাসন জানায়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪(১) ও ১৬(১) ধারা অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া যানবাহন চালানো দণ্ডনীয় অপরাধ। এছাড়া ২৫(১) ধারা অনুযায়ী ফিটনেস সনদবিহীন বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস দিয়ে গাড়ি চালানো আইনত নিষিদ্ধ।

একই দিনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেলে তেল দেওয়া যাবে না। পাশাপাশি রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখার প্রস্তাবনা উঠে আসে।

এছাড়া জ্বালানির অপচয় রোধ ও সুশৃঙ্খল বণ্টন নিশ্চিত করতে মোটরসাইকেলের জন্য কার্ড সিস্টেম চালুর বিষয়েও আলোচনা হয়েছে। পাম্পগুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে এবং অবৈধভাবে তেল বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, পাম্প মালিকরা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন, যা ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। একই মোটরসাইকেল বারবার বিভিন্ন পাম্প থেকে তেল নেওয়ার প্রবণতা রোধ করতেই এসব কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সড়ক দুর্ঘটনা কমবে এবং অবৈধ যানবাহনের চলাচল হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বৈধ চালক ও যানবাহন মালিকরা এর সুফল পাবেন। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট পাম্প বা এজেন্সির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button