উত্তরায় গোপন ল্যাবে কিটামিন তৈরি: সাউন্ডবক্স-খেলনায় পাচার, ৩ চীনা নাগরিক গ্রেপ্তার


মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে গোপনে মাদক তৈরির ল্যাব স্থাপন করে কিটামিন উৎপাদন ও বিদেশে পাচারের অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃতরা হলেন লি বিন, জু জি ও চুনসেন জাং। বুধবার (২৫ মার্চ) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৬ কেজি ৩০০ গ্রাম কিটামিন মাদক, বিপুল পরিমাণ কাঁচামাল এবং মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে বিকার, ফ্যানেল, হিটার, ডিজিটাল মিটার, এপ্রোন, গ্লাভস ও মাস্কসহ বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ফ্ল্যাটে কিটামিন তৈরির একটি পূর্ণাঙ্গ ল্যাবের সন্ধান পাওয়া যায়। গ্রেপ্তারকৃতরা মাদক তৈরিতে দক্ষ এবং তারা স্থানীয় ওষুধ ব্যবহার করে কিটামিন প্রস্তুত করতেন।
তিনি আরও জানান, প্রথমে একটি কুরিয়ার সার্ভিস থেকে মাদক উদ্ধার করা হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রেরকের তথ্যের সূত্র ধরে উত্তরার ওই বাসায় অভিযান চালানো হয়।
তদন্তে জানা গেছে, প্রস্তুতকৃত মাদক বিশেষ কৌশলে সাউন্ডবক্স ও খেলনার ভেতরে লুকিয়ে শ্রীলঙ্কার কলম্বোসহ বিভিন্ন দেশে পাচার করা হতো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন বলেন, এই চক্রটিকে ধরতে দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। গ্রেপ্তারকৃতরা ব্যথানাশক ও স্লিমিং ওষুধ প্রক্রিয়াজাত করে কিটামিন তৈরি করতেন এবং একটি আন্তর্জাতিক চক্রের মাধ্যমে তা বিদেশে সরবরাহ করতেন।
এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে এবং কাঁচামালের উৎস ও সম্ভাব্য সহযোগীদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।



