সারাদেশ

সেচ সংকট নিরসনে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের সরেজমিন পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : জেলার বারোঘরিয়া দামুসের বিল মরিচার দাঁড়াসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের সেচ সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম (বুলবুল)। সম্প্রতি তিনি কৃষকদের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণে সরেজমিন পরিদর্শন করেন এবং দ্রুত পানি প্রবাহ নিশ্চিত করতে খাল পুনঃখননের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। কৃষকরা দীর্ঘদিনের সেচ সংকটের বিষয়টি তুলে ধরলে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এসময় এমপি বুলবুল বলেন, “কৃষি আমাদের প্রাণ। সেচ সুবিধার অভাবে এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে পলি জমে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখননের নির্দেশ দেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাও গ্রহণের কথা জানান।

এমপির আকস্মিক পরিদর্শন ও তাৎক্ষণিক নির্দেশনায় স্থানীয় কৃষকদের মাঝে ইতিবাচক সাড়া দেখা গেছে। কৃষকদের মতে, খালগুলো পুনঃখনন করা হলে শত শত হেক্টর জমি চাষের আওতায় আসবে এবং সেচ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

এলাকার সচেতন মহল মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button