বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা


মুক্তমন রিপোর্ট : বিভিন্ন অনিয়ম ও কাঙ্ক্ষিত সেবা না দেওয়ার অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জে তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২৪ ও ২৫ ধারায় ডক্টরস ক্লিনিক-কে ৩০ হাজার টাকা, সেফা ডায়াগনস্টিক সেন্টার-কে ১০ হাজার টাকা এবং আমাদের ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। এতে সমন্বয় করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা।
এ সময় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



