বিএমইউর নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল।
গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামালকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী এ পদের সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।
অধ্যাপক ডা. মোস্তফা কামাল বর্তমানে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যানেসথেশিওলজি ও পেইন মেডিসিন গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। পাশাপাশি তিনি দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শিতার মাধ্যমে বিএমইউর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের চিকিৎসাসেবার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।



