তুরস্ক সফরে ঢাকা ছাড়লেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


‘কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬’ অনুষ্ঠানে অংশগ্রহণ ও একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার সকালে তিনি তুরস্কের কোনিয়া শহরের উদ্দেশ্যে রওনা হন। সফরকালে তিনি তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
বৈঠকে দুই দেশের যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণ বিনিময়সহ বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। বাংলাদেশের ফুটবল উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা, কারিগরি সহায়তা এবং সম্ভাব্য সহযোগিতা নিয়ে সেখানে আলোচনা হবে।
এছাড়া ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। ঐতিহ্যবাহী খেলাধুলার পুনরুজ্জীবন এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের দেশীয় খেলাগুলোকে তুলে ধরার বিষয়ে এ বৈঠকে গুরুত্ব পাবে বলে জানা গেছে।
সফরকালে তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির প্রতিনিধিদের সঙ্গেও প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে জনতাত্ত্বিক লভ্যাংশের গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। এ সফর ওআইসিভুক্ত দেশগুলোর তরুণদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য জোরদারের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
উল্লেখ্য, সফর শেষে আগামী ১৪ মে দেশে ফেরার কথা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।



