আইন-অপরাধ

রামুতে র‍্যাবের অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন নারী আটক

মুক্তমন রিপোর্ট : র‍্যাব-১৫ এর পৃথক অভিযানে কক্সবাজারের রামু উপজেলায় প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে রামু থানাধীন বৌদ্ধ মন্দির সড়ক ও চৌমহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— লাইলি বেগম (২৬), গুল বাহার (৩৫) ও হাজেরা খাতুন (৬৫)। তারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি গ্রামের বাসিন্দা এবং একটি সংঘবদ্ধ নারী মাদক চোরাচালান চক্রের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজন একটি ইজিবাইকে থাকা দুই নারী যাত্রীর দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় শরীরে পেঁচানো ৩৮টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামু চৌমহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকেও উদ্ধার করা হয় ২২টি বান্ডেল ইয়াবা।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া মোট ৬০টি বান্ডেলে ছিল ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা। এছাড়া মাদক কারবারে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিদের রামু থানা এ হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button