বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক


মুক্তমন রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৭ মে ২০২৬) ভোর রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ বিলভাতিয়া বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে বিলভাতিয়া বিওপিতে কর্মরত মোঃ নওশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে সীমান্ত পিলার ১৯০/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের দৌলতবাড়ী গ্রামের ভাতিয়া বিলে তল্লাশি অভিযান চালানো হয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করে।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, আটককৃত বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে শিবগঞ্জ থানা এ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



