মুক্তমন রিপোর্ট : আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, আর বর্তমানে আরেকটি দল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা নিয়ে একই ধরনের ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, বিএনপি কোনো চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না; বরং মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের যথাযথ সম্মান নিশ্চিত করতে চায়।
সোমবার (২ নভেম্বর) কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী জানান, তাঁর নিজস্ব তহবিল থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৫ লাখ এবং অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলায় এক লাখের বেশি গাছ লাগানোর কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা তিন প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে কায়কোবাদ বলেন, সব ধর্মের মানুষের জানমাল ও সম্মান রক্ষা করা সবার দায়িত্ব। সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পরপর দুই বা তিনবার খারাপ হবে, সেসব প্রতিষ্ঠানের এমপিও বন্ধের সুপারিশ করবেন তিনি। একই অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিভা স্কুলের উন্নয়নে এক লাখ টাকা অনুদান ও সহযোগিতার আশ্বাস দেন।
মুরাদনগরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আগামী পাঁচ বছরে এলাকায় নতুন করে উন্নয়নকাজের প্রয়োজন হবে না বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা, সনাতন ধর্মাবলম্বী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Muktomon/TA