মুক্তমন রিপোর্ট : মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় একটি প্রসূতি ক্লিনিক ও স্কুলে নবজাতকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এসব হামলায় আরও ৩৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী, ত্রাণকর্মী ও মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে।
সোমবার (২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রোববার পশ্চিম রাখাইন রাজ্যের চারটি শহরে বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। ম্রাউক-ইউ শহরের একটি অস্থায়ী ক্লিনিক ও প্রসূতি বিভাগে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩২ জন আহত হন। নিহতদের মধ্যে এক সপ্তাহ বয়সী এক নবজাতকও রয়েছে।
এ ছাড়া থাইল্যান্ড সীমান্তবর্তী কায়াহ রাজ্যের লোইকাও শহরের একটি স্কুলে শনিবারের হামলায় তিন শিক্ষার্থী নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে কারেনি হিউম্যান রাইটস। সংস্থাটির দাবি, ক্লাস চলাকালে স্কুলটিতে হামলা চালানো হয়।
আরাকান আর্মির মুখপাত্র ও স্থানীয় ত্রাণকর্মীদের অভিযোগ, রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকায় সেতু, বসতি ও চিকিৎসাকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে সেনাবাহিনী। তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংঘাতের প্রভাব থাইল্যান্ড সীমান্তেও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটির যুদ্ধবিমান আকাশে টহল দিচ্ছে বলে জানিয়েছে থাই সরকার। প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মিয়ানমারকে সতর্কতার সঙ্গে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Muktomon/TA