‘দার-ই-নিজাত’-এর আবু বকর চরিত্রে অভিনয় করা শেহরিয়ার কে?

পাকিস্তানি অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার, যিনি ‘দার-ই-নিজাত’ ধারাবাহিকে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন।
পাকিস্তানি অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার, যিনি ‘দার-ই-নিজাত’ ধারাবাহিকে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন।

মুক্তমন রিপোর্ট : পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর আবু বকর চরিত্রটি নিয়ে বাংলাদেশের দর্শকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। চরিত্রটির প্রেম, ব্যক্তিত্বের দুর্বলতা ও না-বলা অনুভূতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। এতে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার।

২০২৬ সালের ১ আগস্ট থেকে পাকিস্তানের এআরওয়াই ডিজিটাল চ্যানেলে প্রচার শুরু হয় উর্দু ধারাবাহিক ‘দার-ই-নিজাত’। নাটকটির গল্পে রয়েছে নানা নাটকীয় মোড় ও অপ্রত্যাশিত ঘটনা। এতে জারিয়াব হাবিব চরিত্রে অভিনয় করেছেন দুরেফিশান সেলিম এবং জামিল হোসেন চরিত্রে রয়েছেন নামির নাওয়াজ খান।

সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে হারুন রশিদের সঙ্গে এক সাক্ষাৎকারে আবু বকর চরিত্রের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন শেহরিয়ার মুনাওয়ার। তাঁর বক্তব্যে চরিত্রটির ব্যক্তিত্বের দুর্বলতা, জারিয়াবের প্রতি দীর্ঘদিনের ভালো লাগা এবং সেই অনুভূতি প্রকাশের নানা দিক উঠে আসে।

১৯৮৮ সালের ৯ আগস্ট পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন শেহরিয়ার মুনাওয়ার। তিনি অভিনেতার পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করছেন। করাচির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে অর্থায়ন ও বিপণন বিষয়ে পড়াশোনা করেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে মডেলিং ও টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন শেহরিয়ার। ২০১২ সালে ‘মেরে দরদ কো জো জুবান মিলে’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। প্রথম দিকের কাজেই দর্শকদের নজর কাড়েন এই অভিনেতা। ওই ধারাবাহিকে অভিনয়ের স্বীকৃতি হিসেবে ‘হাম অ্যাওয়ার্ড’-এ সেরা টেলিভিশন সেনসেশন বিভাগে পুরস্কার পান তিনি।

শেহরিয়ারের বাবা মুনাওয়ার আলম সিদ্দিকি পাকিস্তান বিমানবাহিনীর এয়ার কমোডর ছিলেন। অবসরের পর তিনি ব্যবসায় যুক্ত হন। তাঁর মা আমিনা মুনাওয়ার সিদ্দিকি একজন গৃহিণী। বাবা মুনাওয়ার হাম নেটওয়ার্কের পরিচালনা পর্ষদের সদস্য। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শেহরিয়ারের ফুফু সুলতানা সিদ্দিকি।

Muktomon/TA