মুক্তমন রিপোর্ট : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল মাছঘাটের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইব্রাহিম সর্দার নামে এক ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় কয়েকজন মাছ ব্যবসায়ীর মাছ বিক্রির বাক্স নদীতে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন ঘাটের ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এর আগে কিছুদিন আগেও একই ঘাটে কয়েকজন মাছ ব্যবসায়ীর মাছের বাক্স নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল।
ঘাটের ব্যবসায়ীরা জানান, আগের ঘটনার বিষয়টি জেলা বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমকে জানানো হয়। পরে তিনি সংশ্লিষ্টদের ডেকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন এবং সবাইকে মিলেমিশে ব্যবসা করার পরামর্শ দেন।
ব্যবসায়ীদের ভাষ্য, ইব্রাহিম সর্দার ব্যবসা করতে চাইলে জোরখাল মাছঘাটে তার মাছের বাক্স বসানোর জন্য জায়গা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। তারা ওই প্রস্তাবে সম্মতি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়ার কথা জানান। তবে ইব্রাহিম সর্দার এতে সম্মত হননি বলে দাবি ব্যবসায়ীদের।
ব্যবসায়ীদের আরও অভিযোগ, সমঝোতার পরও তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং চাঁদা দাবি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে কয়েকজন ব্যবসায়ীর মাছ বিক্রির বাক্স নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।
ঘাটের ব্যবসায়ীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম সর্দারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।