মিরপুরে শ্রমিক বিক্ষোভে ৫ মামলায় সাড়ে ১০ হাজার আসামি

 মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা।
মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা।

মুক্তমন রিপোর্ট : বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা হিসেবে প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে মিরপুর মডেল ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ তথ্য জানান। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, পল্লবী থানায় তিনটি এবং মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। কাফরুল থানায়ও একটি মামলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, হামলা, সরকারি কাজে বাধা ও ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে তিনটি মামলা হয়েছে। প্রতিটি মামলায় অজ্ঞাতনামা দুই থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৬ জন।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Muktomon/TA