বিএনপি সংস্কার বাস্তবায়ন করতে চায় না: আখতার হোসেন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকারের সমালোচনা করছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকারের সমালোচনা করছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

মুক্তমন রিপোর্ট : বিএনপি সরকার সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তাঁর দাবি, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর, বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটে পাস হওয়ার পরও সংস্কারের প্রস্তাবগুলো মানতে চাইছে না সরকার।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়ন নিয়ে দীর্ঘদিন ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে। সনদে স্বাক্ষরের আগে এনসিপি এর আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি জানিয়েছিল। কারণ, আইনগত বাধ্যবাধকতা না থাকলে সংস্কার প্রস্তাবগুলো ভবিষ্যতে বাস্তবায়িত না হওয়ার আশঙ্কা ছিল।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া এবং গণভোট অনুষ্ঠিত হওয়ার পরও বিএনপি সরকার সংস্কারের প্রস্তাবগুলো মানতে চাইছে না। সরকার বারবার সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বললেও যেসব বিষয়ে বিএনপির কোনো ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ ছিল না, সেগুলোও এখন বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

এনসিপির সদস্যসচিব আরও বলেন, বিএনপি সত্যিই জুলাই জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চাইলে পুলিশ সংস্কার কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয়-সংক্রান্ত উদ্যোগগুলো বাদ পড়ত না। এসব বিষয়ে বিএনপির আপত্তি ছিল না বলে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, তাহলে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হলো না কেন এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়টি বাদ দেওয়া হলো কেন?

সংসদের স্থায়ী কমিটিগুলোতে আনুপাতিক হারে বিরোধী দলের সদস্যদের সভাপতিত্ব দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি বলেও অভিযোগ করেন আখতার হোসেন।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও স্বাক্ষর, বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোটের অধ্যাদেশের পর গণভোট অনুষ্ঠিত হয়ে তা পাস হয়েছে। এরপরও সরকার পেছনের দিকে ফিরে যাওয়ার পথ খুঁজছে। তাঁর মতে, সংস্কার বাস্তবায়ন ঠেকানোর জন্যই এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির সময় সরকার আপত্তি না জানিয়ে বরং সেটিকে সাধুবাদ জানিয়েছিল। এখন সেই অবস্থান থেকে সরে আসার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় এনসিপির সদস্যসচিব আরও বলেন, একপেশে ও একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের মধ্য দিয়েই চলমান সংকটের সমাধান করতে হবে।

Muktomon/TA