মুক্তমন রিপোর্ট : শক্তিশালী ঝড় বোয়েলোর প্রভাবে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। ঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া রোববার সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন।
নিহতদের একজন ৬০ বছর বয়সী স্কটল্যান্ডের বাসিন্দা। ডামফ্রিসের ক্যাসল ডগলাসের কাছে একটি গাছ উপড়ে তাঁর ওপর পড়লে তিনি মারা যান। অন্যজন উত্তর লন্ডনের ২০ বছর বয়সী এক তরুণ। তাঁর গাড়ির ওপর গাছ পড়ে প্রাণ হারান তিনি।
একই ধরনের দুর্ঘটনায় গাছ উপড়ে পড়ে আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং উত্তর ইংল্যান্ডে। সপ্তাহজুড়ে চলা ঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এতে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনজীবনে বিঘ্ন ঘটে।
যুক্তরাজ্যের জ্বালানি খাতের সংস্থা এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।
শনি ও রোববারের ঝড়ে স্কটল্যান্ডের কয়েকটি এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। কোনো কোনো অঞ্চলে বৃষ্টির পরিমাণ সেখানকার গড় বার্ষিক বৃষ্টিপাতের প্রায় এক-তৃতীয়াংশের সমান ছিল।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিস জানিয়েছে, সপ্তাহের শুরুর দিকে আবহাওয়া আরও অস্থির থাকতে পারে। সোমবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার নতুন একটি আবহাওয়া ব্যবস্থার প্রভাবে আবারও ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও উত্তর-পূর্ব আয়ারল্যান্ডের কিছু অংশে প্রবল বাতাসের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সতর্কতাটি মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকার কথা।
বন্যা সতর্কতা, ব্যাহত পরিবহন
ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে একাধিক সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইংল্যান্ডের পরিবেশ দপ্তর ১০টি এলাকায় বন্যার সতর্কতা এবং ৬৫টি এলাকায় বন্যা সতর্কবার্তা জারি করেছে। স্কটল্যান্ডের পরিবেশ সুরক্ষা সংস্থা ১০টি এলাকায় বন্যার সতর্কতা ও ১১টি এলাকায় সতর্কবার্তা দিয়েছে। ওয়েলসের পরিবেশ সংস্থা ন্যাচারাল রিসোর্সেস ওয়েলস জানিয়েছে, সেখানকার নয়টি এলাকায় বন্যা সতর্কবার্তা জারি করা হয়েছে।
ঝড়ের প্রভাবে পরিবহন ব্যবস্থাতেও বিঘ্ন ঘটেছে, বিশেষ করে স্কটল্যান্ডের রেল নেটওয়ার্কে। লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট অন্য গন্তব্যে পাঠানো হয়েছে অথবা বাতিল করা হয়েছে।
এ ছাড়া গাছ উপড়ে পড়া, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং সড়কে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার কারণে স্কটল্যান্ডের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রাখতে হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
Muktomon/TA