সানায় হুথিদের দুই ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংসের দাবি সৌদি জোটের

ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের অভিযানের খবর।
ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের অভিযানের খবর।

মুক্তমন রিপোর্ট : ইয়েমেনের রাজধানী সানায় হুথি গোষ্ঠীর দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট। জোটের দাবি, কেন্দ্র দুটির একটিতে সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

সোমবার (২৬ অক্টোবর) ভোরে পরিচালিত অভিযানের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

জোটের ভাষ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় রাত ৩টা ৪২ মিনিটে রিয়াদকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথিরা। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করে। এর প্রায় এক থেকে দেড় ঘণ্টার মধ্যে সানায় অভিযান চালিয়ে দুটি উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়।

এক্সে দেওয়া পোস্টে তুর্কি আল-মালিকি বলেন, সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলা এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টার জবাবে সুনির্দিষ্ট অভিযান চালানো হয়েছে। তাঁর দাবি, অভিযানটি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এদিকে সৌদি আরবের বিভিন্ন এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা অব্যাহত রয়েছে। রিয়াদ, দক্ষিণাঞ্চলীয় শহর এবং মক্কার আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থান লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইত ও আহাদ রাফিদা এলাকায় পড়ে। এতে একজন সৌদি নাগরিক ও একজন এশীয় প্রবাসী আহত হন। সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, ধ্বংসাবশেষের আঘাতে তিনটি আবাসিক ভবন ও সাতটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগের দিন শনিবারও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। সেসব ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের ওয়াদি আল-মুগাম্মাস, জেদ্দার আল-নুঝা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগ গভর্নরেটের মাস্তুরাহ এলাকায় পড়ে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনায় কেউ হতাহত হননি।

সৌদি-ইয়েমেনি জোট আরও জানিয়েছে, রোববার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদের দিকে নিক্ষেপ করা দুটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতকে লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। পরে সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে নিক্ষেপ করা আরও ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানায় জোট।

জোটের তথ্য অনুযায়ী, শনিবার তায়েফ, ইয়ানবু ও রিয়াদকে লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছিল।

সূত্র : আরব নিউজ

Muktomon/TA