মুক্তমন রিপোর্ট : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেনকে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর। এ নিয়োগকে বেআইনি, অযৌক্তিক ও জনআকাঙ্ক্ষার পরিপন্থি দাবি করে দলটির নেতারা বলেছেন, এ সিদ্ধান্তের জন্য সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। একই সঙ্গে নিয়োগ বাতিল করে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।
সোমবার (২৬ অক্টোবর) নগরের চকবাজারের আলী প্লাজায় এনসিপি চট্টগ্রাম মহানগরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়রের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ একজন ব্যক্তিকে পুনরায় প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া বেআইনি, অযৌক্তিক ও জনআকাঙ্ক্ষার পরিপন্থি। এমন সিদ্ধান্তের জন্য সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব। তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত চট্টগ্রামবাসীর ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা না হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল ও সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেনসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাঁরা সমসাময়িক রাজনৈতিক সংকট ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন শাহাদাত।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর ৮ অক্টোবর নির্বাচন কমিশন সংশোধিত প্রজ্ঞাপন জারি করে এবং ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন তিনি।
তবে ২০২১ সালে নির্বাচিত চসিক পরিষদের প্রথম সভা হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। সে হিসাবে পরিষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয় ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি। শাহাদাত হোসেনের দাবি ছিল, তাঁর মেয়াদ ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত। এ নিয়ে মেয়াদের হিসাব নিয়ে প্রশ্ন ওঠে।
এর মধ্যে গত ২৫ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ তাঁকে চসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
Muktomon/TA