তিতাস নদীতে দেড় কোটি টাকার পণ্যবাহী নৌকাডুবি

আখাউড়ার তিতাস নদীতে দেড় কোটি টাকার পণ্যবাহী নৌকা ডুবে যাওয়ার দৃশ্য
আখাউড়ার তিতাস নদীতে দেড় কোটি টাকার পণ্যবাহী নৌকা ডুবে যাওয়ার দৃশ্য

মুক্তমন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর তীরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য নিয়ে একটি বড় নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়বাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি বড় নৌকা সকাল সাড়ে ৬টার দিকে আখাউড়ার বড়বাজার ঘাটে ভিড়ছিল। এ সময় নদীতে স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়।

ধাক্কার পরপরই পণ্যবাহী নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা অধিকাংশ মালামাল নদীর পানিতে তলিয়ে যায়।

বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী জানান, ডুবে যাওয়া নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল।

ব্যবসায়ীদের দাবি, নৌকাটিতে প্রায় দেড় কোটি টাকারও বেশি মূল্যের মালামাল ছিল। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও শ্রমিকরা ডুবে যাওয়া নৌকা এবং পানিতে ভেসে যাওয়া বা তলিয়ে যাওয়া পণ্য উদ্ধারে কাজ শুরু করেছেন।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ উদ্ধারের কাজ শেষ হলে আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

সাধন সাহা জয় 
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি