মুক্তমন রিপোর্ট : পরিবেশবান্ধব উৎপাদন ও কম ফরমালডিহাইড নির্গমন বৈশিষ্ট্যের ই-জিরো সনদপ্রাপ্ত বোর্ড দেশের বাজারে এনেছে আরএফএল গ্রুপের পার্টিকেল বোর্ড ব্র্যান্ড প্লাইম্যাক্স। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর গুলশানে ইমানুয়েলস পার্টি সেন্টারে আনুষ্ঠানিকভাবে নতুন এ বোর্ডের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্লাইম্যাক্স বর্তমানে পার্টিকেল বোর্ড, মেলামাইন বোর্ড, রয়্যাল বোর্ড, প্লাইউড, মেরিন প্লাইউড, এমআর গ্রেড প্লাইউড ও ডেকোরেটিভ প্লাইউডসহ বিভিন্ন ধরনের বোর্ড উৎপাদন ও বাজারজাত করছে।
প্রতিষ্ঠানটি চীনের সাংহাইভিত্তিক ইন্টারটেস্টিং অ্যান্ড কনসালটিং সার্ভিসেস (আইটিসিএস) থেকে ই-জিরো সনদ অর্জন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রতিষ্ঠানটির দাবি, এ সনদ পণ্যের কম ফরমালডিহাইড নির্গমন মান বজায় রাখা এবং দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থার প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন।
বোর্ড উৎপাদনে সাধারণত ফরমালডিহাইডভিত্তিক রেজিন ব্যবহার করা হয়। এ রেজিন থেকে ফরমালডিহাইড গ্যাস নির্গত হতে পারে, যা নির্দিষ্ট মাত্রার বেশি হলে মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। নির্গমনের মাত্রা অনুযায়ী বোর্ডের বিভিন্ন মানদণ্ড রয়েছে, যার মধ্যে ই২, ই১ ও ই০ উল্লেখযোগ্য। ই০ মানদণ্ড কম ফরমালডিহাইড নির্গমন নির্দেশ করে।
আর এন পাল বলেন, যাত্রা শুরুর মাত্র নয় মাসের মধ্যে প্লাইম্যাক্স আন্তর্জাতিক মানের ই-জিরো সনদ অর্জন করেছে। ‘সবুজ ভবিষ্যতের অঙ্গীকারে’—এই প্রত্যয়কে সামনে রেখে পণ্যের গুণগত মান ও পরিবেশগত দায়বদ্ধতার সমন্বয়ে এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি।
তিনি আরও বলেন, পরিবেশবান্ধব ও কম ফরমালডিহাইড নির্গমন বৈশিষ্ট্যের এ বোর্ড দেশের নির্মাণ ও আসবাবশিল্পে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং ভোক্তাদের জন্য টেকসই পণ্যের সুযোগ বাড়াবে।
প্লাইম্যাক্সের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম বলেন, ই-জিরো সনদ নির্ধারিত কম ফরমালডিহাইড নির্গমন মান বজায় রেখে বোর্ড উৎপাদনের সক্ষমতা নির্দেশ করে। তাঁর দাবি, এ বোর্ড দিয়ে তৈরি আসবাব ও অন্যান্য পণ্য ঘরের অভ্যন্তরীণ পরিবেশের মান উন্নত রাখতে সহায়তা করতে পারে।
তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে দেশের বিভিন্ন লবণাক্ত জমিতে বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, প্লাইম্যাক্স বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা মাহেদী হাসানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA