মুক্তমন রিপোর্ট : নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় বৈধ কর চালানপত্র ছাড়া মজুত রাখা ৮৭ হাজার ৩৯০ কেজি সুতা জব্দ করেছে কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা সুতার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।
সোমবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ সদরের জিমখানা-টানবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব সুতা জব্দ করা হয়।
কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রতিরোধমূলক দল ‘এস. আর. ট্রেড’-এর একটি অনিবন্ধিত গুদামে তল্লাশি চালায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাজীব সাহা।
অভিযানে চীন, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে আমদানি করা ৭৭ হাজার ৩৯০ কেজি পলিয়েস্টার ও নাইলন সুতা পাওয়া যায়। এসব সুতার পক্ষে বৈধ কর চালানপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়। এ ছাড়া কর চালানপত্র ছাড়া মজুত রাখা ১০ হাজার কেজি স্থানীয় সুতা উদ্ধার করা হয়।
সব মিলিয়ে অভিযানে ৮৭ হাজার ৩৯০ কেজি সুতা জব্দ করা হয়েছে। এসব সুতার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় রাজস্ব আদায় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
Muktomon/TA