পার্বতীপুরে মারামারির ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু, গ্রেপ্তার ২

পার্বতীপুরে বিরোধের ঘটনায় প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়ের মৃত্যুর পর ঘটনাস্থলে পুলিশের তদন্ত
পার্বতীপুরে বিরোধের ঘটনায় প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়ের মৃত্যুর পর ঘটনাস্থলে পুলিশের তদন্ত

রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের পার্বতীপুরে বাড়ি নির্মাণের পারিশ্রমিক ও পারিবারিক রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় মনোরঞ্জন রায় (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি একই উপজেলার চক সুকদেবপুর এলাকায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পার্বতীপুর উপজেলার সোনাপুকুর নয়া মোল্লাপাড়া এলাকার মোস্তাহার হোসেনের ছেলে আসাদুজ্জামান (৩২) ও আশিকুজ্জামান আলো মিয়া (৩৫)।

পুলিশ ও প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায়, প্রয়াত শিক্ষক আজিজুল হকের বাড়ির নির্মাণকাজের পারিশ্রমিক, ইউক্যালিপ্টাস গাছের কাঠের হিসাব এবং শ্রমিকদের মজুরি বণ্টন নিয়ে কাঠমিস্ত্রি ফরতাজ হোসেনের সঙ্গে আজিজুল হকের ছেলে আল-রোমানের বিরোধ চলছিল। এ ছাড়া বাড়ির পাশের রাস্তার জমি নিয়েও আল-রোমানদের সঙ্গে আশিকুজ্জামান আলো মিয়া ও তাঁর ভাই আসাদুজ্জামানের বিরোধ ছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার দুপুরে এসব বিরোধের জেরে ফরতাজ হোসেন, আশিকুজ্জামান আলো মিয়া ও আসাদুজ্জামান আল-রোমানদের বাড়িতে যান। সেখানে আল-রোমানের মা রোমানা আক্তারের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে সেখানে উপস্থিত প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়ের ওপর হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানায়, মনোরঞ্জন রায়কে সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তিনি পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করে আবারও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তিনি পাশের একটি ধানখেতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে আজিজুল হকের বাড়িতে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

তবে মনোরঞ্জন রায় দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন বলেও প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। তাঁর মৃত্যুর সঙ্গে মারধরের সম্পর্ক এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পার্বতীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর এলাকায় অভিযান চালিয়ে আশিকুজ্জামান আলো মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার খবর পেয়ে দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, বিপিএম-সেবা ঘটনাস্থল পরিদর্শন করেন। রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের নির্দেশনা অনুযায়ী ঘটনায় জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

Muktomon/TA