বাকলিয়ার জোড়া খুন ও বাবলা হত্যা মামলায় ডেভিড ইমনের রিমান্ড

চট্টগ্রামের দুই হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে ডেভিড ইমন
চট্টগ্রামের দুই হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে ডেভিড ইমন

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আলোচিত দুটি হত্যা মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে নগরের বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথক শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রিমান্ড শুনানির জন্য বুধবার দুপুরে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে দুই মামলায় মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত বছরের ৩০ মার্চ রাতে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ আল রিফাত নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডেভিড ইমনকে আসামি করা হয়েছে। মামলায় হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকিয়া পাড়া এলাকায় বিএনপির নির্বাচনি প্রচারণার সময় গুলিতে নিহত হন সরোয়ার হোসেন বাবলা। এ ঘটনায় তাঁর বাবা আবদুল কাদের বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলায় বিদেশে পলাতক হিসেবে পরিচিত সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে ডেভিড ইমনও রয়েছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়েছে।

গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে ডেভিড ইমনকে চট্টগ্রামে এনে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে।

Muktomon/TA