মুক্তমন রিপোর্ট : ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার মাহে খান, শেখ মোরসালিন ও সোহেল রানা। দলীয় সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের আক্রমণভাগের দুর্বলতা কাটাতে মাহে খানকে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচনা করেছিলেন কোচ থমাস ডুলি। এ কারণে ২৮ সদস্যের প্রাথমিক চূড়ান্ত তালিকায় তাঁকে রেখেছিলেন তিনি। তবে ম্যাচের দিন ঘোষিত ২৩ জনের তালিকায় জায়গা হয়নি এই ফরোয়ার্ডের।
এবার সাফের সূচিতে ফিফা উইন্ডোর বাইরেও কয়েকটি ম্যাচ থাকায় দলগুলোকে বাড়তি সুবিধা দিতে ২৮ সদস্যের তালিকা করার সুযোগ দেওয়া হয়েছে। সেই তালিকা থেকে প্রতিটি ম্যাচের জন্য ২৩ জনকে নির্বাচন করতে হচ্ছে।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, মোরসালিন ও সোহেল রানা অসুস্থতার কারণে পুরোপুরি ফিট নন। গত কয়েক দিন তাঁরা দলের বাইরে থেকে আলাদাভাবে দৌড় ও অনুশীলন করেছেন। অন্যদিকে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ তখনো দলের সঙ্গে যোগ দেননি।
চোটের কারণে রোনান সুলিভানও বাংলাদেশে আসছেন না। ফলে আক্রমণভাগে বিকল্প খেলোয়াড় নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মাহে খানকে ২৩ জনের স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে ঘরোয়া ফুটবলে ফর্টিজের ফরোয়ার্ড রাফায়েল টুডু নিয়মিত গোল করেছেন। এএফসি চ্যালেঞ্জ লিগেও তাঁর পা থেকে এসেছে দুটি গোল। এমন পারফরম্যান্সের পরও তাঁকে দলে ডাকেননি কোচ ডুলি।
গত ১৮ অক্টোবর ২৮ সদস্যের তালিকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে জমা দেওয়ার জন্য প্রস্তুত করেছিলেন কোচ। পরে তাজ উদ্দিন ও আব্দুল্লাহ সজীবকে দলে ডাকা হলেও রোনান সুলিভান না আসার বিষয়টি নিশ্চিত হওয়ার পরও রাফায়েল টুডুকে বিবেচনায় নেওয়া হয়নি।
Muktomon/TA