কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল

কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল

মুক্তমন ডেস্ক : কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন ও পরিচালনা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক পিএলসির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ এবং কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণের উদ্দেশ্যে এ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

এ সময় অন্যান্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা এবং কৃষি খাতের উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে অর্থায়ন কার্যক্রম পরিচালিত হবে।