চট্টগ্রাম বন্দরে জাহাজ বণ্টনে অনিয়ম, ৪ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

জাহাজ বণ্টনে অনিয়মের অভিযোগে চার শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
জাহাজ বণ্টনে অনিয়মের অভিযোগে চার শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

মুক্তমন রিপোর্ট : জাহাজ বণ্টনসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগে চারটি শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং করপোরেশন, মেসার্স ইউনিয়ন ট্রেডার্স, মেসার্স প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং মেসার্স সি কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড।

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত পৃথক দাপ্তরিক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িক স্থগিতের বিষয়টি জানানো হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।

বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট নথি ও বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী জাহাজ বণ্টনের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশনা ও বিধিবিধান অনুসরণের জন্য প্রতিষ্ঠান চারটিকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তারা ওই নির্দেশনা যথাযথভাবে পালন করেনি বলে কর্তৃপক্ষের নথিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, জাহাজ বণ্টনসংক্রান্ত নির্দেশনা অমান্য করা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শিপ হ্যান্ডলিং অপারেটর নীতিমালা-২০১৫-এর অনুচ্ছেদ-গ-এর ৭.৪ ধারার সুস্পষ্ট ব্যত্যয়।

এ কারণে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভা। গত ২৭ জুলাই অনুষ্ঠিত বোর্ড সভার সিদ্ধান্ত নম্বর-২০১৬৬ অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে ৭ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িক স্থগিতের আদেশ জারি করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের অনুলিপি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে।