নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী ফিফা বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচার নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য উল্লেখযোগ্য মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (২৬ জুলাই) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকারি রাজস্বের এক টাকাও ব্যয় না করে সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা সম্ভব হয়েছে। তিনি এ সফলতার পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা, সততা ও দূরদর্শী পরিকল্পনার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, সরকারের কৃচ্ছ্রসাধন নীতির মধ্যেও যাতে দেশের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের খেলা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুসরণ করে বিকল্প কাঠামোর মাধ্যমে বিনা রাজস্ব ব্যয়ে সম্প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
আগামী বিশ্বকাপের পরিকল্পনার কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, “এবার আমরা শূন্য ব্যয়ে খেলা সম্প্রচারের চ্যালেঞ্জে সফল হয়েছি। আগামী বিশ্বকাপে আমাদের লক্ষ্য শুধু বিনা খরচে খেলা দেখানো নয়; বিজ্ঞাপনের বিশাল বাজার থেকে উল্লেখযোগ্য আয় করে বিশ্বকাপ সম্প্রচারকে একটি লাভজনক উদ্যোগে পরিণত করা।”
তিনি সফলভাবে সম্প্রচার কার্যক্রম সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্ট সবার অবদানের প্রশংসা করেন।
দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গত কয়েক মাসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদকমুক্ত সমাজ গঠন, সুস্থ মানসিক বিকাশ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হাতে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদপত্র তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।