ইরানে চলতি বছর অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে আফগান নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে মানবাধিকার সংস্থার প্রতিবেদন
ইরানে আফগান নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে মানবাধিকার সংস্থার প্রতিবেদন

মুক্তমন রিপোর্টার : ইরানের বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এসব আফগান নাগরিককে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন।

শনিবার (২৯ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলতি বছর ইরানে প্রায় প্রতি মাসেই অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। একই সময়ে গড়ে প্রতি মাসে অন্তত তিনজন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থাটির তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আফগান নাগরিকদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ ছিল।

সংস্থাটি এসব মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, অনেক মামলায় স্বচ্ছতার ঘাটতি ছিল এবং অভিযুক্তদের আইনজীবীদের প্রবেশাধিকারও সীমিত ছিল। এমনকি দণ্ডপ্রাপ্তদের পরিবারের সদস্যদেরও মামলা ও সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থার বিষয়ে পর্যাপ্ত তথ্য জানানো হয়নি বলে অভিযোগ করেছে সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সিরাজের আবেলাবাদ কারাগার, তায়বাদ কারাগার, ইয়াজদ কারাগার এবং ইস্ফাহানের দাস্তগার্ড কারাগারে

এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মাদকসংক্রান্ত অপরাধের মামলায়।

এ ছাড়া গুল মোহাম্মদ ও কাইম হোসেনি নামে দুই আফগান নাগরিককে ইস্ফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে সেখানে বিক্ষোভ হয়েছিল।

অন্যদিকে আফসার শাহ-আহমাদি, সাফাই ও সদরুদ্দিন আহমেদাজাদ নামে আরও তিন আফগান নাগরিককে গত জুলাইয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে একটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, এসব আফগান নাগরিকের অনেকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে প্রকৃতপক্ষে কতজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তা নির্ধারণ করা কঠিন।

সংস্থাটির মতে, মৃত্যুদণ্ডের মামলাগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিযুক্তদের ন্যায়বিচার পাওয়ার অধিকার রক্ষা করা জরুরি।

এর আগে ২০২৫ সালে ইরানে ৮৫ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।