মুক্তমন রিপোর্টার : আন্তর্জাতিকভাবে খ্যাতিমান মানবাধিকার বিশেষজ্ঞ আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন আইরিন খান।
আইরিন খান মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন এবং টেকসই উন্নয়ন নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০২০ সাল থেকে তিনি মতপ্রকাশ ও মতামতের স্বাধীনতার অধিকার প্রচার ও সুরক্ষাবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন। প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়া প্রথম নারী হিসেবে তিনি ইতিহাস গড়েন।
আইরিন খান ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (IDLO) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এ (UNHCR) ২১ বছর কাজ করেছেন। সেখানে তিনি ভারতের চিফ অব মিশন এবং আন্তর্জাতিক সুরক্ষা বিভাগের উপপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
মানবাধিকার ও শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে সিডনি পিস প্রাইজ লাভ করেন আইরিন খান।
তিনি The Unheard Truth: Poverty and Human Rights নামে একটি বইও লিখেছেন।
আইরিন খান ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং পরে হার্ভার্ড ল স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশের জাতিসংঘ মিশনে তাঁর দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক মানবাধিকার, শরণার্থী সুরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগানোর নতুন সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।