উজানের পানিতে জলাবদ্ধতা দুর্ভোগে কৃষক ও পরিবার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উজানের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে গেছে কৃষিজমি।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উজানের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে গেছে কৃষিজমি।

মুক্তমন রিপোর্ট: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গ্রামে উজান থেকে আসা পানিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কৃষকের ফসল পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আকাশে বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পানির কারণে দ্বিতীয় দফায় গত ৫ আগস্ট ভোর ৫টা থেকে ভোমরাদহ এলাকার বিভিন্ন কৃষিজমি পানির নিচে তলিয়ে যায়। এতে কৃষকদের কষ্টের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জলাবদ্ধতার জন্য স্থানীয়রা ব্রীজ-কালভার্টের আশপাশে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, পুকুরের পাড় তৈরি, চায়না দুয়ারী ও অন্যান্য প্রতিবন্ধকতাকে দায়ী করছেন। এসব কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তারা।

স্থানীয় কৃষক ইকবাল আলম (মিঠু) বলেন, ভোমরাদহ সরদারপাড়া, মিলন বাজার ও চিলাছাপা এলাকার জলাবদ্ধতার বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে ব্রীজ ও কালভার্টের মুখে থাকা প্রতিবন্ধকতা সরিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন।

এদিকে চিলাছাপা আশ্রয়ণ প্রকল্পের ১৮টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। চলাচলের জন্য সেখানে কোনো উঁচু রাস্তা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। এছাড়া জলাবদ্ধতার কারণে ১২টি পরিবারের বাড়ির আঙিনায় পানি প্রবেশ করেছে। তবে এসব পরিবার এখনো কোনো ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।